দেশ কারও একার নয়, জনগণের—সরকার-বিরোধী দল একসঙ্গে কাজ করলেই এগোবে বাংলাদেশ’

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ জুলাই ২০২৬, ০৫:০৮ বিকাল
  • ১৪৭৪৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ কেবল সরকার বা বিরোধী দলের নয়; এ দেশ আপামর জনগণের। রাজনৈতিক নেতাদের দায়িত্ব হলো জনগণের জীবন, সম্পদ ও সম্মান রক্ষা করা।

বুধবার (১ জুলাই) রাজধানীর শেওড়াপাড়ায় ঢাকা-১৫ আসনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শেষে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ব্যস্ততার কারণে সব সময় জনগণের কাছে সরাসরি উপস্থিত হওয়া সম্ভব না হলেও তিনি সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করেন। ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় পানি, গ্যাস ও জলাবদ্ধতার সমস্যা এখন বড় সংকটে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়। তবে এ অবস্থার জন্য শুধু সরকারকে দায়ী করলে চলবে না; নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। অনেকেই ড্রেন ও খালে-নালায় ময়লা ফেলায় পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

বিরোধীদলীয় নেতা বলেন, সরকার প্রতিদিন প্রতিটি ড্রেন পরিষ্কার করতে পারে না। তাই নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং যত্রতত্র ময়লা না ফেলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। সচেতনতা বাড়াতে পারলেই মশাবাহিত রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

কিশোর গ্যাং ও মাদক বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এসব সামাজিক অপরাধ বিশেষ করে মা-বোনদের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়াচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কথাও উল্লেখ করেন। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রীর নজরে আনা হয়েছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

হকারদের বিষয়ে তিনি বলেন, তাদের জীবিকা নির্বাহের প্রয়োজন রয়েছে। তবে রাস্তা ব্যবসার স্থান নয়; এটি জনসাধারণের চলাচলের জন্য। তাই পরিকল্পিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে হকারদের পুনর্বাসন করে সড়ক চলাচলের উপযোগী রাখা উচিত।

বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, শহরের তুলনায় গ্রামীণ এলাকায় সমস্যার মাত্রা বেশি। সরকার এ সংকট সমাধানে কাজ করছে, তবে দীর্ঘদিনের সমস্যা রাতারাতি দূর করা সম্ভব নয়।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, সরকার ও বিরোধী দল পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করলে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ করা সহজ হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad