আধুনিক বিশ্বে নিরাপত্তার ধারণা আমূল বদলে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বর্তমান সময়ে হাজার মাইলের সীমান্ত পাহারা দেওয়ার চেয়েও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বড় কোনো প্রতিষ্ঠানের সিন্দুক রক্ষার চেয়ে তাদের ডিজিটাল অবকাঠামোকে হ্যাকারদের আক্রমণ থেকে সুরক্ষিত রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বুধবার (১ জুলাই) রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধ এখন আর শুধু সমরাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, আর যোগাযোগও কেবল মানুষের কণ্ঠস্বর বিনিময়ের বিষয় নয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা দেখিয়ে দিয়েছে—ডিজিটাল হামলার মাধ্যমে কীভাবে একটি দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে স্থির চিন্তায় আটকে থাকার সুযোগ নেই। প্রতিনিয়ত নতুন প্রযুক্তি, নতুন ঝুঁকি এবং নতুন বাস্তবতার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে। অন্যথায় আজ যিনি আধুনিক, আগামীকালই তিনি পিছিয়ে পড়বেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যকে আধুনিক ও সময়োপযোগী চিন্তার মাধ্যমে দেশের উন্নয়ন ও তথ্য ব্যবস্থাপনায় সম্পৃক্ত করার উদ্যোগের প্রশংসা করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারের তথ্য ব্যবস্থাপনার ভবিষ্যৎ পরিকল্পনায় আনসার বাহিনীর উদ্যোগে চালু হওয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির যুগে অ্যানালগ চিন্তাধারা থেকে বেরিয়ে এসে উদ্ভাবনী নেতৃত্ব গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে আনসার বাহিনীর এই উদ্যোগ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় উদাহরণ হতে পারে।
‘সময়ের স্পন্দনে, আকাঙ্ক্ষা পূরণে’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ. এম. সাজ্জাদ মাহমুদ। এ ছাড়া বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক