২০২৭ সালের হজে অংশগ্রহণে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের প্রাক-নিবন্ধনের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজের প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করতে এ নির্দেশনা জারি করা হয়েছে।
বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজে যেতে ইচ্ছুক প্রত্যেক নাগরিককে প্রাক-নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি), অথবা বাংলাদেশি পাসপোর্ট কিংবা জন্মনিবন্ধন সনদ, একটি পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, একই পরিবারের একাধিক হজযাত্রীর ক্ষেত্রে একটি ব্যাংক হিসাব ব্যবহার করা যাবে। তবে সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকদের জন্য ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক। হজসংক্রান্ত আর্থিক লেনদেন নিরাপদ ও স্বচ্ছ রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, যারা পূর্বে প্রাক-নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য জমা দেননি, তাদের চূড়ান্ত নিবন্ধনের সময় অবশ্যই সেই তথ্য প্রদান করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের হজের জন্য গত ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সৌদি আরব সরকারের নির্ধারিত রোডম্যাপ অনুসারে, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
হজে যেতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত রেখে প্রাক-নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক