প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, সামরিক প্রশিক্ষণের আধুনিকায়ন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ইতালির সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে প্রশিক্ষণের সুযোগ আরও সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ইতালির সম্ভাব্য সহযোগিতা নিয়েও দুই পক্ষ মতবিনিময় করেন।
বৈঠকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ ও ইতালির উল্লেখযোগ্য অবদানের বিষয়ও উঠে আসে। বিশ্বশান্তি ও বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।
প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, বাংলাদেশ ইতালির সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। ভবিষ্যতে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও বিস্তৃত ও কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আগামী দিনে আরও গভীর ও ফলপ্রসূ হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক