আবহমান গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং মানুষকে নির্মল বিনোদন দিতে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
গত শুক্রবার (১০ জুলাই ২০২৬) বিকেলে খোকসাবাড়ীতে অবস্থিত যমুনা নদীর শাখা কাটাখালি নদীতে অনুষ্ঠিত এ নৌকাবাইচ প্রতিযোগিতা ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঢাক-ঢোলের বাদ্য, বাউল গানের সুর এবং মাঝি-মাল্লাদের বৈঠার ছন্দে নদীর বুকে সৃষ্টি হয় মনোমুগ্ধকর দৃশ্য। শিশু-কিশোর, নারী-পুরুষ ও প্রবীণ—সব বয়সী মানুষের উপস্থিতিতে নদীর দুই পাড় পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
খোকসাবাড়ী নতুনপাড়া সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসাবাড়ীর কৃতিসন্তান মো. বসু মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শাকিল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. রেজাউল করিম রোকনী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জয়নাল আবেদীন, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, খোকশাবাড়ী নতুনপাড়ার বিশিষ্ট সমাজসেবক মো. ইসমাইল হোসেন, মো. শাকিল মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকসাবাড়ী নতুন গ্রামের মো. সোহেল মন্ডল।
নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে কাটাখালি নদীর দুই তীরে হাজার হাজার দর্শনার্থীর ঢল নামে। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণবন্ত আয়োজন গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই ক্রীড়াকে নতুন করে প্রাণ ফিরিয়ে দেয়।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধি