চট্টগ্রামমুখী একটি পণ্যবাহী চলন্ত ট্রাকে ডাকাতির ঘটনায় ডাকাতদের চাপাতির হামলায় চালক জামাল উদ্দিন (৫৬) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার উজানিশার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রামগামী পণ্যবাহী ট্রাকটি উজানিশার ব্রিজ এলাকায় পৌঁছালে ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল ট্রাকটির গতিরোধ করে। এ সময় তারা চালক জামাল উদ্দিনের ওপর চাপাতি দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তিনি ট্রাকের ভেতরেই মৃত্যুবরণ করেন।
ঘটনার খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের হেলপারকে জিজ্ঞাসাবাদ করে। হেলপারের ভাষ্য অনুযায়ী, ডাকাতরা ট্রাকে হামলা চালিয়ে ডাকাতির ঘটনা ঘটায় এবং চালকের ওপর নৃশংস হামলা করে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রথম দর্পণ,ডেস্ক