দিল্লিতে অবস্থান করে আত্মসমর্পণের হুঙ্কার দিলেও বাংলাদেশের প্রচলিত আইনে দণ্ডপ্রাপ্ত আসামিদের আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বাংলাদেশের সীমানায় প্রবেশের সঙ্গে সঙ্গেই তাদের গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, দেশে আর কখনও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেওয়া হবে না।
মঙ্গলবার জাতীয় সংসদে 'জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার' শীর্ষক জনগুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, দেশের ভেতরে বিভেদের সুরকে পুঁজি করে দিল্লিতে বসে আত্মসমর্পণের হুঙ্কার দেওয়া হচ্ছে। তিনি স্পিকারের মাধ্যমে জাতির উদ্দেশে বলেন, যারা এমন বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশের আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। কারণ তারা দণ্ডপ্রাপ্ত আসামি। ফলে দেশের সীমানায় প্রবেশের সঙ্গে সঙ্গেই তাদের গ্রেপ্তার করা হবে।
তিনি আরও বলেন, "প্রতিটি হুঙ্কার আমাদের আরও ঐক্যবদ্ধ করবে। দেশের স্বার্থে আমরা সবাই এক কাতারে দাঁড়াব।"
জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট হত্যা মামলাগুলোর বিচার কার্যক্রমের অগ্রগতির তথ্য তুলে ধরে আইনমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ১৬টি তদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১২টি তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে এবং চারটি মামলায় অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, আবু সাঈদ হত্যা মামলা এবং হাসানুল হক ইনুর মামলাসহ তিনটি মামলার রায় ইতোমধ্যে ঘোষণা হয়েছে। বিচারপ্রক্রিয়া দ্রুত ও আইনের বিধান অনুযায়ী এগিয়ে নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ