বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১০টি শিল্পগোষ্ঠীর নামে দেশে ও বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের আদেশে জব্দ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, জব্দকৃত সম্পদের মধ্যে দেশের অভ্যন্তরে ৫৭ হাজার কোটি টাকা এবং বিদেশে ১৯ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে।
বিএফআইইউ প্রধান আরও বলেন, দেশ থেকে পাচার হওয়া সম্পদ উদ্ধারে সংস্থাটি সক্রিয়ভাবে কাজ করছে। এ বছরের শেষ নাগাদ এ বিষয়ে ইতিবাচক অগ্রগতির খবর জানানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইখতিয়ারউদ্দিন মো. মামুন বলেন, "আমরা কোনো দল বা মতের ভিত্তিতে কাজ করি না। সন্দেহজনক লেনদেন বা সম্পদের তথ্য পেলেই সংশ্লিষ্ট ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। অন্তর্বর্তী সরকারের কোনো ব্যক্তির বিরুদ্ধেও এমন তথ্য পাওয়া গেলে একইভাবে ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি জানান, অবৈধভাবে বিদেশে পাচার হওয়া সম্পদ শনাক্ত ও দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয় করে বিএফআইইউর কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক