৩০ শীর্ষ প্রতিষ্ঠানের অংশগ্রহণে চবিতে চাকরি মেলা সোমবার, সুযোগ মিলবে ৫০০ জনের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৬, ০৭:৩৫ সকাল
  • ৭৮৫২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও এক্সিলেন্স বাংলাদেশের যৌথ উদ্যোগে আগামীকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহৎ পরিসরের চাকরি মেলা। এতে মেঘনা গ্রুপ, ইসলামী ব্যাংক, ইবনে সিনা, প্রাণ গ্রুপ, সিটি ব্যাংক, পূবালী ব্যাংকসহ দেশের প্রায় ৩০টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেবে।

মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে সরাসরি জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার পাশাপাশি ফুলটাইম, পার্টটাইম এবং ইন্টার্নশিপের সুযোগের জন্য আবেদন করতে পারবেন।

শনিবার দুপুরে চাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন থেকে কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে শিক্ষা ও কর্মক্ষেত্রের মধ্যে বিদ্যমান ব্যবধান অন্যতম বড় চ্যালেঞ্জ। অনেক মেধাবী শিক্ষার্থী প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা থাকা সত্ত্বেও করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পান না। সেই বাস্তবতা বিবেচনায় শিক্ষার্থীদের জন্য কার্যকর একটি প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যেই এ চাকরি মেলার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের শীর্ষস্থানীয় নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন। পাশাপাশি নিজেদের দক্ষতা উপস্থাপন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগও তৈরি হবে।

আয়োজকদের তথ্যমতে, সোমবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ ও বুদ্ধিজীবী চত্বরে চাকরি মেলা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও এতে অংশ নিতে পারবেন। প্রায় ৫০০টি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগকে কেন্দ্র করে প্রায় আট হাজার শিক্ষার্থীর অংশগ্রহণের আশা করা হচ্ছে।

এদিকে, একই দিন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অডিটোরিয়ামে চতুর্থ বর্ষ ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে নির্বাচিত পাঁচজন করে শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন।

ক্যারিয়ার সামিটে দেশের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব, মানবসম্পদ বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং ক্যারিয়ার মেন্টররা শিক্ষার্থীদের উদ্দেশে ক্যারিয়ার পরিকল্পনা, নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন, চাকরির প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের সম্ভাবনা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক সেশন পরিচালনা করবেন।

সংবাদ সম্মেলনে চাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মেহেদী হাসান সোহান, চাকরি মেলার কনভেনার সোহানুর রহমান সোহান, কো-কনভেনার আদনান শরীফ এবং এক্সিলেন্স বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স টিমের লিডার সানু আক্তার নদীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad