সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা কয়েক দিনের বৃষ্টি ও জোয়ারের কারণে ঝালকাঠির বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেলার নলছিটি, কাঠালিয়া ও রাজাপুর উপজেলার নদীতীরবর্তী এবং নিম্নাঞ্চলের ২০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, আর পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষিজমির ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
জানা গেছে, সুগন্ধা ও বিষখালীসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এর ফলে শৌলজালিয়া, আমুয়া, পাটিখালঘাটা, হেতাল বুনিয়া ও প্রেমহারসহ বেশ কয়েকটি এলাকায় বসতভিটা ও সড়ক পানিতে তলিয়ে গেছে। টানা বৃষ্টি এবং অতিরিক্ত জোয়ারের কারণে এসব এলাকার মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং নিত্যদিনের কাজে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে রোপা আমন, আমনের বীজতলা এবং পেঁপে, লাউ, করলা, চিচিঙ্গা, চালকুমড়াসহ বিভিন্ন সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। পানি দীর্ঘস্থায়ী হলে কৃষকদের ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমেদ বলেন, “পানি যদি আরও দুই থেকে তিন দিন স্থায়ী হয়, তাহলে আমন ধান, পানের বরজসহ অন্যান্য ফসলের উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে।”
অন্যদিকে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা জানান, জোয়ার ও বৃষ্টির কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।
তবে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

প্রথম দর্পণ,ডেস্ক