চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নিজ বাড়ির দোতলা ভবনের ছাদ থেকে পড়ে বিল্লাল (৬০) নামে এক গৃহমালিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার দক্ষিণ বালুথুবা ইউনিয়নের ইসলামপুর ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল ওই এলাকার মৃত শামসুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল নিজ বাড়ির দোতলা ভবনের ছাদে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রথম দর্পণ,ডেস্ক