নোয়াখালীর কবিরহাট থানার সামনে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মো. সফি উল্যাহ (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালক মো. ইউসুফ (২৭)কে আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে রাত ৩টার দিকে জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত সফি উল্যাহ কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে। আটক চালক মো. ইউসুফ একই উপজেলার বাটইয়া ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের মনির আহম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কাজে স্থানীয় এক ইউপি সদস্যের সঙ্গে কবিরহাট থানার সামনে এসেছিলেন সফি উল্যাহ। রাত সাড়ে ৮টার দিকে তিনি সড়ক পার হওয়ার সময় কবিরহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।
কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল ইসলাম মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই অটোরিকশার চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রথম দর্পণ,ডেস্ক