চব্বিশের জুলাই গণহত্যার বিচার, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।
বুধবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে শাখা সভাপতি ইউসুফ আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘জুলাই নিয়ে তালবাহানা, চলবে না চলবে না’, ‘জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে’, ‘জুলাই সনদ মানে না যারা, বাংলাদেশের শত্রু তারা’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ষড়যন্ত্র করিস না, গদি কিন্তু থাকবে না’ এবং ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে মানুষ জীবন ও রক্তের বিনিময়ে যে পরিবর্তনের সূচনা করেছিল, সেই চেতনা ধারণ করেই তারা রাজপথে রয়েছেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে সরকার গণভোট ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন তা থেকে সরে আসছে।
তিনি আরও বলেন, আন্দোলনের মাধ্যমেই যেমন পরিবর্তন এসেছে, তেমনি রাজপথের আন্দোলনের মাধ্যমেই ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার দেশের মাটিতেই সম্পন্ন করার দাবি জানিয়ে তিনি বলেন, বিচার না হওয়া পর্যন্ত নতুন প্রজন্ম ও জুলাই-যোদ্ধারা আন্দোলন চালিয়ে যাবেন।
শাখা সভাপতি ইউসুফ আলী বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটলেও বর্তমান সরকারের কর্মকাণ্ডে জনগণের প্রত্যাশিত পরিবর্তন দৃশ্যমান নয়। তার দাবি, সরকার ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা বজায় রেখে গণভোটের রায় উপেক্ষা করছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রথম দর্পণ,ডেস্ক