ম্যাক ব্যবহারকারীদের জন্য নতুন ডিজাইনের হোয়াটসঅ্যাপ অ্যাপ উন্মোচন শুরু করেছে মেটা। অ্যাপলের ‘লিকুইড গ্লাস’ ডিজাইন ল্যাঙ্গুয়েজ থেকে অনুপ্রাণিত এই সংস্করণের মাধ্যমে ম্যাকে হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আইফোন ও আইপ্যাডের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে।
হোয়াটসঅ্যাপের আপডেট-সংক্রান্ত ওয়েবসাইট WABetaInfo-এর তথ্য অনুযায়ী, নতুন সংস্করণটি ধাপে ধাপে ম্যাক অ্যাপ স্টোর-এর মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। বর্তমানে সীমিতসংখ্যক ব্যবহারকারী আপডেটটি পাচ্ছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি সব ম্যাক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হতে পারে।
নতুন সংস্করণে বড় কোনো মেসেজিং ফিচার বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সুবিধা যোগ করা হয়নি। বরং ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করতে অ্যাপটির নকশা ও ইন্টারফেসে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এতে নতুনভাবে সাজানো সাইডবার, পরিমার্জিত চ্যাট বার, হালনাগাদ অ্যাটাচমেন্ট মেনু এবং সহজতর নেভিগেশন যুক্ত হয়েছে। ফলে অ্যাপটি অ্যাপলের সর্বশেষ macOS ডিজাইন নীতির সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ হয়েছে।
আপডেটটির অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হলো লকড চ্যাট এবং কমিউনিটিজ-এর জন্য পৃথক সেকশন। আগে লক করা কথোপকথন সাধারণ চ্যাট তালিকার মধ্যেই দেখা যেত। এখন সেগুলো আলাদা বিভাগে রাখা হয়েছে এবং সেখানে প্রবেশের আগে ব্যবহারকারীর পরিচয় যাচাই করতে হবে, যা আইফোনের গোপনীয়তা ব্যবস্থার মতোই নিরাপত্তা নিশ্চিত করবে।
এ ছাড়া কমিউনিটিজকে সাইডবারের নির্দিষ্ট অংশে স্থানান্তর করা হয়েছে। ফলে মূল চ্যাট তালিকায় না গিয়েই ব্যবহারকারীরা সহজে নিজেদের কমিউনিটিতে প্রবেশ করতে পারবেন।
উল্লেখ্য, গত বছর আইওএস সংস্করণে প্রথম ‘লিকুইড গ্লাস’ অনুপ্রাণিত নকশার পরীক্ষা শুরু করে হোয়াটসঅ্যাপ। পরে ২০২৬ সালের শুরুতে এটি আরও বেশি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়। যদিও গত কয়েক মাসে ম্যাক সংস্করণে কিছু ছোটখাটো ভিজ্যুয়াল পরিবর্তন আনা হয়েছিল, এবারই প্রথম সম্পূর্ণ নতুন ডিজাইনের সংস্করণ প্রকাশ করা হলো।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আইফোন, আইপ্যাড ও ম্যাকজুড়ে ব্যবহারকারীদের জন্য একীভূত অভিজ্ঞতা নিশ্চিত করতে অ্যাপলের যে উদ্যোগ, এই আপডেট তারই প্রতিফলন। একই সঙ্গে ডেস্কটপ প্ল্যাটফর্মে ব্যবহারকারী বাড়তে থাকায় মেটাও হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণ উন্নয়নে ধারাবাহিকভাবে বিনিয়োগ করছে।

প্রথম দর্পণ,ডেস্ক