নিয়ন্ত্রণহীন বাসের চাপায় ঝরল ২ প্রাণ; উজিরপুরে আহত আরও ৫

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ জুলাই ২০২৬, ০৮:৪৯ সকাল
  • ৭৮৬২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বরিশালের উজিরপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়শ্রী এলাকায় সাজু পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে বরিশালগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ব্রেক বিকল হয়ে গেলে সেটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে বাসটি একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক মোশাররফ হোসেন বালী (৬১)-কে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার জয়শ্রী গ্রামের মৃত মুজার বালীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই তোবার হোসেন বালী।

পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়শ্রী গ্রামের মো. সেলিম হাওলাদার (৫০)। তিনি মোহাম্মদ হাওলাদারের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিবেশী মিজানুর রহমান হাওলাদার।

প্রত্যক্ষদর্শী কাজী ইউনুস জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি আহতদের পরিচয়-ঠিকানা সংগ্রহের কাজও অব্যাহত রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad