চুয়াডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম (৩২) নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত প্রায় ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার ছয়ঘরিয়া মাঝেরপাড়া গ্রামের খেদের মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে বলদিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে শামীমকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া শামীম দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

প্রথম দর্পণ,ডেস্ক