ধামরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ জুলাই ২০২৬, ০৩:০৩ দুপুর
  • ৫৬২৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঢাকার ধামরাই উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় বাটা জুতা কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী সুজয় সাহা। তারা সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে ছিল। বাসটি দেখে পেছন থেকে আসা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করলে তার পেছনে থাকা একটি কভারভ্যানও গতি কমিয়ে দেয়। একই সময়ে কভারভ্যানের পেছনে থাকা দুটি মোটরসাইকেলও থামার চেষ্টা করে।

এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা স্বাধীনতা পরিবহন-এর একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই আরোহী সড়কে ছিটকে পড়ে বাসের নিচে চলে যান এবং বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনজুর মোরশেদ জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ এবং তাদের কাছে থাকা পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনায় চারটি যানবাহন ও দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া হাইওয়ে পুলিশ সম্পন্ন করবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad