নতুন কুঁড়ি স্পোর্টস- ২০২৬ প্রতিযোগিতায় সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী মোঃ সুমন সেখ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় স্থান অর্জন করেছে।
“স্বপ্নের পথে, বিজয়ের সাথে” এই স্লোগানকে সাথে নিয়ে চলতি বছরের ২রা মে থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সারাদেশের ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লক্ষ ৭০ হাজার কিশোর কিশোরী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।
গত ২৭ জুলাই ২০২৬ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী ক্ষুদে ক্রীড়াবিদদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
সুমনের এই সাফল্যে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সভাপতি ও পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন শুভেচ্ছা জানান।
সুমনের এই দেশ সেরা হয়ে ওঠার পেছনে সার্বিক দিক নির্দেশনা ও অক্লান্ত পরিশ্রম করেছেন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) পবিত্র কুমার সরকার ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো: একরামুল হক।
এদিকে সুমনের বিরল অর্জনকে ঘিরে সিরাজগঞ্জজুড়ে বইছে আনন্দের বন্যা। এই সাফল্য উদযাপনে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে সিরাজগঞ্জ শহরে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ