হাসিনাকে ষড়যন্ত্রের সুযোগ দেওয়ায় ভারতের ভূমিকার তীব্র নিন্দা জানাল জামায়াত

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৭ আগস্ট ২০২৬, ০৬:২৬ বিকাল
  • ৫৬৭২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ভারতে অবস্থান করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের সুযোগ দেওয়ার অভিযোগ তুলে ভারত সরকারের ভূমিকার তীব্র নিন্দা ও সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৭ আগস্ট) দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে ভারতের এ ধরনের আচরণকে আন্তর্জাতিক কূটনৈতিক রীতি, শিষ্টাচার ও রাষ্ট্রীয় সম্পর্কের নীতিমালার পরিপন্থী বলে উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশী ভারতসহ বিশ্বের সব দেশের সঙ্গে পারস্পরিক সম্মান, সমমর্যাদা ও দ্বিপক্ষীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে বাংলাদেশ অন্য সব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। তবে দিল্লিতে অবস্থান করে দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি শেখ হাসিনাকে বাংলাদেশের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া এবং তাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক আহ্বান উপেক্ষা করা আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন বলে দাবি করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিগত সাড়ে ১৬ বছরে হত্যা, গুম, নির্যাতনসহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতায় প্রায় দেড় হাজার মানুষ নিহত এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, এসব তথ্য বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম, জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে।

তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে অন্তর্বর্তী সরকার একাধিকবার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। কিন্তু ভারত সরকার সেই আহ্বানে সাড়া না দিয়ে তাকে আশ্রয় দিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ-ভারতের বিদ্যমান বন্দি বিনিময় চুক্তিও যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না বলেও মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন, ভারত সরকার তাদের অবস্থান পুনর্বিবেচনা করে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে।

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হলেও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বর্তমান সরকার এখনো সফল হয়নি। ফলে তিনি দেশের বাইরে থেকে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র চালানোর সুযোগ পাচ্ছেন বলে দাবি করেন। এ পরিস্থিতিতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি এবং জাতিসংঘের সহযোগিতা নিয়ে তাকে দেশে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। পাশাপাশি এ বিষয়ে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারেরও দাবি জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আত্মত্যাগের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেখানে কোনো ধরনের ফ্যাসিবাদ বা তার পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না। তিনি দাবি করেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে ব্যর্থ হবে।

বিবৃতির শেষাংশে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদবিরোধী চেতনা সমুন্নত রেখে ঐক্যবদ্ধ, ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও সবার জন্য নিরাপদ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad