শিক্ষিত বেকারদের পর্যায়ক্রমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী মিল্লাত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৭ আগস্ট ২০২৬, ০৬:১০ বিকাল
  • ৫৩৯৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, সরকারের অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ চলছে। শিক্ষিত বেকারদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং পর্যায়ক্রমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত উপজেলা অডিটোরিয়াম ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম চালু হয়েছে। পাশাপাশি ইমাম ও খাদেমদের সম্মানী ভাতা প্রদান শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-খতিবদেরও ভাতার আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, শিশুদের বিদ্যালয়মুখী করতে সরকার মিড-ডে মিল চালুর উদ্যোগ নিয়েছে, যাতে কোনো শিশু অবহেলিত না হয় এবং অসহায় পরিবারের সন্তানদের পড়াশোনায় বিঘ্ন না ঘটে।

বকশীগঞ্জ উপজেলার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, লাউচাপড়া বিনোদন কেন্দ্রকে ঘিরে একটি মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া আগামী দুই মাসের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নের সড়কে উন্নয়নকাজ শুরু হবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে ৫৮টি অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের মাঝে শুকনো খাবার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad