এনসিপিতে জামায়াতের কৌশলগত প্রভাব রয়েছে, দাবি প্রতিমন্ত্রী নুর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ আগস্ট ২০২৬, ১০:৪২ রাত
  • ৩১৪৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অন্তর্বর্তী সরকারের সহায়তা ছাড়া রাজনৈতিকভাবে দাঁড়াতে পারত না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দলটির ওপর জামায়াতে ইসলামীর কৌশলগত প্রভাব রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলে অনুপ্রবেশের মাধ্যমে জামায়াত রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ আয়োজিত ‘৬ আগস্ট জুলাই কারাবন্দিদের মুক্তি দিবস’ শীর্ষক স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনসিপির কঠোর সমালোচনা করে প্রতিমন্ত্রী নুর বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো রাজনৈতিক দল দীর্ঘদিন টিকে থাকতে পারে না। তাঁর দাবি, এনসিপির পরিণতিও একসময় ফ্রিডম পার্টির মতো হবে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতন কিংবা জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না। এর পেছনে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও রাজনৈতিক ধারাবাহিকতা কাজ করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়। পরবর্তী সময়ে ডাকসু নির্বাচন, মোদিবিরোধী আন্দোলন এবং একতরফা নির্বাচন বর্জনের কর্মসূচিসহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে ছাত্র-যুবকদের সম্পৃক্ততা অব্যাহত ছিল।

নুরুল হক নুর বলেন, আন্দোলনের সময় সামনের সারিতে থাকা নেতাকর্মীরাই তৎকালীন সরকারের দমন-পীড়নের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন। ভবিষ্যতে আবারও অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হলে তারাই প্রথম টার্গেটে পরিণত হতে পারেন বলেও তিনি মন্তব্য করেন।

বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ধৈর্যের প্রশংসা করে তিনি বলেন, দীর্ঘ প্রায় সাড়ে ১৭ বছর দলকে সংগঠিত রাখার ফলেই বিএনপি বর্তমানে দেশের অন্যতম সুসংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর বৃহত্তর জাতীয় ঐক্য অক্ষুণ্ন রাখার পরিবর্তে নতুন রাজনৈতিক দল গঠনের মাধ্যমে জুলাইয়ের চেতনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

গণঅধিকার পরিষদ সম্পর্কে প্রতিমন্ত্রী নুর বলেন, দলটি কোনো সুবিধা লাভের উদ্দেশ্যে নয়; বরং গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যেই বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েছে।

সভায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর সংস্কৃতি থেকে বিরত থাকারও আহ্বান জানান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad