সিরাজগঞ্জের সলঙ্গায় সেচ্ছাশ্রমের ভিত্তিতে রশিদপুর থেকে কাশিনাথপুর পর্যন্ত খালপাড় দিয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়ক নির্মাণকাজ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে হাটিকুমরুল ইউনিয়নের রশিদপুর, কাশিনাথপুর, পাটধারি ও হঠাৎপাড়া গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে এ কাজে অংশ নেন।
স্থানীয়রা জানান, সম্প্রতি সরকারি উদ্যোগে পুনঃখনন করা খালের পাড়ে ফেলে রাখা মাটি অতিবৃষ্টির কারণে পুনরায় খালে ধসে পড়ার আশঙ্কা দেখা দেয়। একই সঙ্গে অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তি ওই মাটি অবৈধভাবে বিক্রি করছিলেন। এমন পরিস্থিতিতে মাটির সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং জনসাধারণের চলাচলের সুবিধার্থে গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক নির্মাণের উদ্যোগ নেন।
রশিদপুর গ্রামের ইয়াকুব খন্দকারের ছেলে উজ্জ্বল খন্দকার, মরহুম দেলোয়ার খন্দকারের ছেলে সেলিম খন্দকারসহ স্থানীয়রা জানান, নয়াপাড়া-রশিদপুর থেকে কাশিনাথপুর পর্যন্ত খননকৃত খালের উত্তর পাড় দিয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়ক নির্মাণ করা হচ্ছে। সড়কটি নির্মিত হলে শিক্ষক-শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিজাত পণ্য পরিবহনেও ব্যাপক সুবিধা সৃষ্টি হবে।
তারা আরও জানান, উল্লাপাড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সড়কটির অনুমোদনের জন্য উপজেলা প্রশাসনের কাছে সুপারিশ করেছেন। দ্রুত সড়কটির স্থায়ী নির্মাণকাজ বাস্তবায়ন হলে চার গ্রামের কয়েক হাজার মানুষ উপকৃত হবেন। এ বিষয়ে তারা সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
স্থানীয়দের অভিযোগ, এলাকার কিছু অসাধু ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে খালের পাড়ের মাটি বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। এ বিষয়ে তারা প্রতিবাদ জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তরে লিখিত অভিযোগও দিয়েছেন।
গ্রামবাসীর দাবি, জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটির দ্রুত স্থায়ী নির্মাণে প্রশাসনের কার্যকর উদ্যোগ ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হোক।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার