মধ্যপ্রাচ্যকে অনির্দিষ্টকাল ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতিতে রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের জ্যেষ্ঠ কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ।
মঙ্গলবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও এ অঞ্চলের মানুষের ভবিষ্যৎ নিশ্চিত করতে সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য প্রয়োজন।
গারগাশ বলেন, ভবিষ্যতের ভিত্তি কোনো ‘দুর্বল ভিত্তি’ কিংবা আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো ব্যবস্থার ওপর প্রতিষ্ঠা করা যাবে না। টেকসই স্থিতিশীলতার জন্য স্পষ্ট ও অভিন্ন নিয়মের ভিত্তিতে এগিয়ে যাওয়াই লক্ষ্য হওয়া উচিত।
দীর্ঘমেয়াদি সমাধানের ক্ষেত্রে ‘শান্তিপূর্ণ সহাবস্থান, সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং শান্তির যুক্তি’কে অপরিহার্য ভিত্তি হিসেবে উল্লেখ করেন তিনি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকার প্রেক্ষাপটে গারগাশের এই মন্তব্য এসেছে। দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) পুনর্বহালের লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টা এখনো অমীমাংসিত রয়েছে। একই সঙ্গে উভয় পক্ষই ফের সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা নিয়ে সতর্ক করে আসছে।
এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠায় স্পষ্ট নিয়ম, পারস্পরিক সম্মান এবং কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন সংযুক্ত আরব আমিরাতের এই জ্যেষ্ঠ কূটনীতিক।
সূত্র: আল জাজিরা

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক