ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার সম্ভাবনা কমে যাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ৯০ ডলার ছাড়িয়েছে। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা কমে যাওয়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে—এমন আশঙ্কাও জোরালো হয়েছে।
মঙ্গলবারও আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। গত এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের অন্যতম প্রধান সূচক হিসেবে অপরিশোধিত তেলের দাম বিবেচিত হয়। চলতি মাসের শুরুতে হোয়াইট হাউস থেকে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে আশাবাদী বক্তব্য দেওয়া হলেও হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে দুই দেশের মধ্যে এখনো কোনো সমঝোতা হয়নি।
যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ জলপথের মধ্য দিয়ে পরিবাহিত হয়।
ফলে হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হতে পারে। এর প্রভাবে তেলের দাম আরও বাড়ার পাশাপাশি বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রথম দর্পণ,ডেস্ক