দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে শনিবার সকাল ৯টায় সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।
অপরিবর্তিত রুপার দাম
সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ২৬৬ টাকায় বিক্রি হবে।
এর আগে গত ৬ আগস্ট ভ্যাটসহ সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৯ হাজার ৮৫৬ টাকা পর্যন্ত বাড়িয়েছিল বাজুস। পরদিন ৭ আগস্ট নতুন দাম নির্ধারণ করে প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। এর একদিন পরই আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিল সংগঠনটি।
ফলে অল্প সময়ের ব্যবধানে দেশের বাজারে সোনার দামে কয়েক দফা পরিবর্তন হলো।

প্রথম দর্পণ,ডেস্ক