সরকারি জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৬, ০৩:২৭ দুপুর
  • ২১৪৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণ করা জমি দখল করে বিএনপির দলীয় কার্যালয় নির্মাণের উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে রূপগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা বাতেন পারভেজ ও তার সহযোগীদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে ওই জমিতে বালু ফেলে ভরাট করে দখলের চেষ্টা করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, পূর্বাচল থেকে জলসিঁড়ি হয়ে মাদানী এভিনিউ সংযোগ সড়কের বাড়িয়াছনি মৌজার আরএস ৪৬ ও ৪৭ নম্বর দাগে সড়ক ও জনপথ বিভাগের প্রায় ১০০ ফুট প্রশস্ত সড়ক রয়েছে। পূর্বাচল থেকে জলসিঁড়ি প্রকল্প হয়ে মাদানী এভিনিউ পর্যন্ত বিস্তৃত ওই সড়কের অধিগ্রহণকৃত জমির একটি অংশে বিএনপির দলীয় কার্যালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

তাদের দাবি, যুবদল নেতা বাতেন পারভেজ ও তার সহযোগীরা রাতের আঁধারে সরকারি জমিতে বালু ফেলে ভরাট করেছেন। এতে প্রায় কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি বেহাত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়রা দ্রুত ওই জমি দখলমুক্ত করে সড়ক প্রশস্ত করার দাবি জানিয়েছেন।

এদিকে সরকারি জমি দখলের অভিযোগের পাশাপাশি বাতেন পারভেজের বিরুদ্ধে ইছাপুরা বাজারে দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, বাজার কমিটি নিয়ে বিরোধ ও নৈরাজ্য, স্থানীয়দের মাছের ঘের দখল এবং চালের ডিলারশিপের মাধ্যমে সরকারি চাল আত্মসাতের অভিযোগও উঠেছে।

তবে সরকারি সম্পত্তি দখলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাতেন পারভেজ মুঠোফোনে সাংবাদিকদের বলেন, “ইউএনও, এসিল্যান্ডকে জানিয়েই জমি দখল করেছি।”

রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও রাজস্ব সার্কেল কর্মকর্তা ফরিদ আল সোহান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে রূপগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা সরকারি জমি দখলের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তারিখ: ১৩ আগস্ট ২০২৬




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad