ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আদালতের নির্দেশের পরও মামলা রেকর্ডে গড়িমসির অভিযোগে এ আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে আদালতের স্টেনোগ্রাফার মোহাম্মদ শামছুদ্দীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলার মোমারিজপুর গ্রামের রাকিব হাসানের স্ত্রী বিবি মারজাহান তাকে শারীরিক নির্যাতনের অভিযোগে থানায় লিখিত আবেদন করেন। তবে অভিযোগটি গ্রহণ না করার অভিযোগ ওঠে ওসি ফয়জুল আজিম নোমানের বিরুদ্ধে।
পরে মারজাহান আদালতে মামলা করলে বিচারক অভিযোগটি এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য থানাকে নির্দেশ দেন। কিন্তু আদালতের ওই নির্দেশও ওসি উপেক্ষা করেন বলে অভিযোগ করা হয়।
এরপর ভুক্তভোগী মারজাহান আদালতে পুনরায় আবেদন করেন। বিষয়টি শুনানি শেষে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোর্শেদ খান দাগনভূঞা থানা থেকে ওসি ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহারের জন্য ফেনীর পুলিশ সুপারকে নির্দেশ দেন।
একই সঙ্গে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে আদালতের আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।
আদালতের আদেশে বলা হয়েছে, ওসি ফয়জুল আজিম নোমান তার কর্মকাণ্ডের মাধ্যমে দায়িত্বে থাকার অযোগ্যতার প্রমাণ দিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

প্রথম দর্পণ,ডেস্ক