বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বীর) ইউনিটগুলো পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (২৪ আগস্ট) রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) শহীদ নকীব হলে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২১তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সব অধিনায়কের সঙ্গে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান। এ সময় তিনি বীর ইউনিটগুলোর সদস্যদের দেশমাতৃকার সেবায় নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন।
সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিভিন্ন প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বীর ইউনিটগুলোর কার্যক্রম আরও দক্ষ ও কার্যকরভাবে পরিচালনার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সেনাবাহিনী প্রধান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে তাকে ভারপ্রাপ্ত জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার এবং জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, ইবিআরসি; সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; সামরিক সচিব; কমান্ড্যান্ট, বিআইআরসি; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; কমান্ড্যান্ট, এসআইঅ্যান্ডটি; সেনাসদর ও সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিভিন্ন ইউনিটের অধিনায়ক এবং বিভিন্ন সংস্থার সেনাসদস্যরাও সম্মেলনে অংশ নেন।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক