সোমবার (২৪ আগস্ট) আইডিএফ জানায়, দেইর আল-বালাহ এলাকায় চালানো বিমান হামলায় হামাসের অভিজাত নুখবা বাহিনীর সদস্য মোহাম্মদ আবদ আল-নাসের জাবর আবু আসাদ নিহত হয়েছেন। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের একজন ছিলেন বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
আইডিএফ আরও জানিয়েছে, একই হামলায় হামাসের আরও এক সদস্যকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তিনিও ৭ অক্টোবরের হামলায় ইসরাইলে প্রবেশ করেছিলেন বলে দাবি করা হয়েছে। তবে হামলার পর তিনি বেঁচে গেছেন বলে ধারণা করছে ইসরাইলি বাহিনী।
যুদ্ধবিরতির মধ্যে হামলা চালানোর বিষয়ে আইডিএফের দাবি, ওই দুই হামাস সদস্য ইসরাইলি সেনা ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। একই সঙ্গে তারা হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিলেন বলেও দাবি করেছে আইডিএফ।
ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ওই সদস্যরা ‘পদ্ধতিগতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন’ করছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য হুমকি দূর করার উদ্দেশ্যেই বিমান হামলাটি চালানো হয়েছে।
তবে হামাসের পক্ষ থেকে এ হামলা ও ইসরাইলি বাহিনীর দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরাইল

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স