খেলাধুলার সঙ্গে শিক্ষার সমন্বয় নিয়ে শাহরিয়ার নাফীসের বই ‘প্লে অ্যান্ড স্টাডি, উইন দ্য রেস’

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, ০২:৫২ দুপুর
  • ২৮০৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব এবং একজন ক্রীড়াবিদের জীবনে শিক্ষার ভূমিকা তুলে ধরে বই লিখেছেন সাবেক বাংলাদেশি ক্রিকেটার শাহরিয়ার নাফীস। ‘প্লে অ্যান্ড স্টাডি, উইন দ্য রেস’ শিরোনামের বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে। বইটির সহলেখক এইচ এম আতিফ ওয়াকিফ।

বইটিতে আন্তর্জাতিক পর্যায়ে খেলা ক্রিকেটার, ফুটবলার ও কোচসহ বিভিন্ন ক্রীড়াবিদের অভিজ্ঞতা ও জীবনকাহিনি তুলে ধরা হয়েছে। পাশাপাশি এমন কিছু প্রতিশ্রুতিশীল খেলোয়াড়ের কথাও রয়েছে, যারা মেধা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও খেলাধুলার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারেননি। তবে খেলাধুলায় কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও পরবর্তী জীবনে পড়াশোনা কীভাবে তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেই বিষয়টিও বইটিতে তুলে ধরা হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইটির বিষয়বস্তু সম্পর্কে শাহরিয়ার নাফীস বলেন, বইটিতে আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়দের পাশাপাশি ফুটবলার, ক্রিকেটার ও কোচদের অভিজ্ঞতা রয়েছে। একই সঙ্গে এমন কিছু মানুষের গল্পও রয়েছে, যারা একসময় সম্ভাবনাময় ক্রিকেটার বা ক্রীড়াবিদ ছিলেন, কিন্তু খেলাধুলার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারেননি।

তিনি বলেন, এসব মানুষের জীবনে পড়াশোনা কীভাবে কাজে এসেছে, সেই অভিজ্ঞতাও তারা ভিন্নভাবে তুলে ধরেছেন। ফলে বইটিতে ক্রীড়াজীবনের সাফল্যের পাশাপাশি শিক্ষার গুরুত্বও ফুটে উঠেছে।

শুধু ক্রীড়াবিদদের অভিজ্ঞতার মধ্যেই বইটির বিষয়বস্তু সীমাবদ্ধ রাখা হয়নি। খেলাধুলা ও শিক্ষার পারস্পরিক সম্পর্ক নিয়ে শিক্ষাবিদদের মতামতও এতে যুক্ত করা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা একজন মানুষের শিক্ষাজীবন ও পড়াশোনায় খেলাধুলার গুরুত্ব নিয়ে তাঁদের মতামত দিয়েছেন।

নাফীস জানান, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অধ্যাপকেরাও খেলাধুলা কীভাবে মানুষের পড়াশোনা ও শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে মতামত দিয়েছেন।

বইটি প্রস্তুতের জন্য দীর্ঘ সময় ধরে গবেষণা ও তথ্য সংগ্রহ করা হয়েছে বলেও জানান সাবেক এই ক্রিকেটার। তাঁর ভাষ্য, প্রায় সাড়ে তিন বছর ধরে বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদ ও শিক্ষাবিদদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে মোট ৩৫ জন অ্যাথলেটের তথ্য ও তাঁদের জীবনের অভিজ্ঞতা গল্পের আকারে তুলে ধরা হয়েছে।

নাফীস বলেন, এসব তথ্য কোনো এলোমেলো উৎস থেকে নেওয়া হয়নি। দীর্ঘ সময় ধরে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের পর সেগুলো বইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বইটিতে শুধু সফল ক্রীড়াবিদদের জীবনকাহিনি গুরুত্ব পায়নি। বরং খেলাধুলায় সম্ভাবনা থাকার পরও যারা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেননি, তাঁদের জীবন থেকে পাওয়া শিক্ষা এবং পরবর্তী জীবনে পড়াশোনার ভূমিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

বইটি প্রকাশের পেছনে প্রকাশক ও সহকর্মীদের অবদানের কথাও উল্লেখ করেন শাহরিয়ার নাফীস। ব্যস্ততার কারণে সবসময় নিজে প্রয়োজনীয় সময় দিতে না পারলেও দীর্ঘদিনের প্রচেষ্টার পর বইটি প্রকাশিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

বইটি তৈরির কাজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তথ্য ও বিভিন্ন সম্পদ ব্যবহারের সুযোগ দেওয়ায় বিসিবির প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়দের সহযোগিতার কথাও উল্লেখ করেন সাবেক এই ক্রিকেটার।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad