শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি হাসান বাসির বলেন, ক্যাম্পে একটি লাশের গোসলখানা নির্মাণ করা হচ্ছিল। সেখানে পানির পাম্প বসানোকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
জামায়াত ও বিএনপিপন্থিদের মধ্যে বিরোধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পানির পাম্প বসানো নিয়ে ঝামেলার সূত্রপাত। মূলত বিষয়টি বিহারিদের মধ্যকার বিরোধ ছিল। পরে এ ঘটনাকে কেন্দ্র করে তা দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন এবং বিএনপিপন্থি সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বে প্রায় ২০০ থেকে ২৫০ জনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় দুই পক্ষের মধ্যে পাঁচ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটে। পাশাপাশি ককটেল নিক্ষেপ করা হয়।
এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না জানতে চাইলে ওসি বলেন, দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ঢিল ছোড়াছুড়ি হয়েছে। তবে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো পুলিশের কাছে কোনো তথ্য আসেনি।
ওসি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স