জানা গেছে, সিনেমাটি ২০২৮ সালের ২ জুন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শনিবার টম ক্রুজ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রচারণামূলক একটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন। ছবিতে রেসিং ট্র্যাকে অ্যান হ্যাথাওয়ের সঙ্গে দেখা যায় তাকে।
অ্যাকশন ও রেসিংপ্রেমীদের জন্য সিনেমাটি বিশেষ আকর্ষণীয় হতে যাচ্ছে। কারণ নতুন ‘ডেজ অব থান্ডার’ সরাসরি আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হচ্ছে। আইম্যাক্সের পাশাপাশি ডলবি সিনেমা ও ৪ডিএক্স ফরম্যাটেও বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে ছবিটি।
১৯৯০ সালে টনি স্কট পরিচালিত মূল ‘ডেজ অব থান্ডার’ সিনেমায় দুর্ধর্ষ রেসার কোল ট্রিকল চরিত্রে অভিনয় করেছিলেন টম ক্রুজ। নতুন কিস্তিতেও একই চরিত্রে ফিরছেন তিনি। তবে সিনেমাটির গল্পের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
তবে জানা গেছে, অ্যান হ্যাথাওয়ে এবার একটি রেসিং কার দলের মালিক ও পেশাদার প্রকৌশলীর চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটি পরিচালনা করবেন ‘লং শট’খ্যাত নির্মাতা জোনাথন লেভাইন। টম ক্রুজের সঙ্গে প্রযোজনায় থাকছেন জেরি ব্রাকহাইমার ও টমি হার্পার।
মূল ‘ডেজ অব থান্ডার’-এর গল্পে অবসরপ্রাপ্ত রেসিং কিংবদন্তির সহায়তায় নাসকার রেসিং দলে যোগ দেন কোল ট্রিকল। চরিত্রটিতে অভিনয় করেছিলেন রবার্ট ডুভাল। ১৯৯০ সালের সিনেমাটিতে টম ক্রুজের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন নিকোল কিডম্যান, র্যান্ডি কুয়েড ও জন সি রেইলি।
এদিকে অ্যান হ্যাথাওয়ের ক্যারিয়ারেও ব্যস্ত সময় চলছে। ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়্যার্স প্রাডা ২’, ‘দ্য ওডিসি’ ও ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’-এর পর কলিন হুভারের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ভেরিটি’ সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’ সিরিজের তৃতীয় কিস্তি নিয়েও কাজ করছেন তিনি।
অন্যদিকে ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির পর আরও একটি বড় ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হলেন টম ক্রুজ। ‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েলের পাশাপাশি ‘টপ গান’-এর পরবর্তী কিস্তি এবং আলেহান্দ্রো গনসালেস ইনারিতুর ‘ডিগার’ সিনেমাতেও কাজ করছেন এই হলিউড তারকা।
সূত্র: এন্টারটেইনমেন্ট উইকলি

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স