সরকারি বিএল কলেজের পুকুরে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা।
তিনি বলেন, মানুষের আমিষ ও পুষ্টির চাহিদা পূরণ, গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার, কর্মসংস্থান সৃষ্টি এবং মাছ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক পরিকল্পনার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় করা গেলে এ খাতের উৎপাদন সক্ষমতা আরও বাড়ানো সম্ভব।
এস এম শফিকুল আলম মনা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের বেকার না রেখে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন।
একই সময়ে দৌলতপুর ডে-নাইট কলেজ ও হাঁস পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ খুলনা প্রাকৃতিক ও মৎস্যসম্পদে সমৃদ্ধ। তবে দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা, খাল-বিল অবৈধ দখল এবং জলাশয় ভরাটের কারণে এ অঞ্চলের প্রাকৃতিক মৎস্যসম্পদ ক্ষতির মুখে পড়েছিল। বর্তমান সরকার জীববৈচিত্র্য রক্ষা ও জলাশয় উদ্ধারে পদক্ষেপ নিয়েছে বলেও তিনি দাবি করেন।
এ সময় সরকারি বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদীসহ দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক