আগের বিয়ের তথ্য গোপন করে বিয়ে, স্ত্রীর বিরুদ্ধে ২৫ লাখ টাকার ক্ষতিপূরণ মামলা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ রাত
  • ৩১৫১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
আগের একাধিক বিয়ে ও তালাকের তথ্য গোপন করে নিজেকে অবিবাহিতা পরিচয়ে বিয়ে করার অভিযোগে স্ত্রী শেখ অবন্তী ঐশীর বিরুদ্ধে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন স্বামী উদয় জালাল দীপ। একই সঙ্গে বিয়ে ও কাবিননামা অবৈধ ঘোষণার আবেদনও করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় সিনিয়র সিভিল জজ খাদিজা আক্তারের আদালতে মামলাটি করা হয়। শুনানি শেষে আদালত বিবাদী শেখ অবন্তী ঐশীকে হাজির হতে সমন জারি করেন।

বাদীর আইনজীবী ইশরাত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন বাদীর উপস্থিতিতে মামলাটি গ্রহণের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

মামলার অভিযোগে বলা হয়, অবন্তী ঐশী তার আগের বিয়ে ও তালাকের তথ্য গোপন করে নিজেকে অবিবাহিতা হিসেবে উপস্থাপন করেন। সেই তথ্য বিশ্বাস করে উদয় জালাল দীপ ২০২৪ সালের ১২ ডিসেম্বর ২০ লাখ টাকা দেনমোহরে তাকে বিয়ে করেন। দেনমোহরের অংশ হিসেবে তিনি সাড়ে ৪ লাখ টাকা পরিশোধ করেন।

বাদীর দাবি, বিয়ের পর দাম্পত্য জীবনে আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে তিনি স্ত্রীকে বিভিন্ন সময়ে দেনমোহরের বকেয়া অর্থ, পারিবারিক প্রয়োজন ও ব্যক্তিগত আর্থিক সংকটসহ বিভিন্ন কারণে প্রায় ৩০ লাখ টাকা দেন। এ ছাড়া স্ত্রীকে সাড়ে ৮ ভরি স্বর্ণালংকারও দেন।

মামলায় আরও বলা হয়, বিয়ের প্রায় এক বছর পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বাদী জানতে পারেন, তার স্ত্রী এর আগেও একাধিকবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরে তিনি স্ত্রীর আগের দুইটি কাবিননামাও দেখতে পান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী আদালতে বলেন, পূর্বের বিয়ের তথ্য গোপন করে নিজেকে কুমারী পরিচয়ে বিয়ে করার অভিযোগের বিষয়ে আইনের আশ্রয় নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ যেন এভাবে প্রতারণার মাধ্যমে বিয়ে করতে না পারে, সে বিষয়ে দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যেও মামলাটি করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad