মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় জেলা প্রশাসনের পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার সঞ্জীব দাসের ছেলে সজীব দাস সঞ্জয় এবং সুনামগঞ্জ সদর উপজেলার মো. আব্দুল হান্নানের ছেলে মো. আবু তাহের। তারা দুজনই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানা গেছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযোগ রয়েছে, আটক দুই ব্যক্তি অনলাইনে অবৈধভাবে ট্রেনের টিকিট সংগ্রহ ও ডাউনলোড করে বিভিন্ন ব্যক্তির কাছে বেশি দামে বিক্রি করতেন। অভিযানের সময় তাদের কাছ থেকে টিকিট ও ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
অভিযান শেষে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী তদন্তের জন্য রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা টিকিট ও মোবাইল ফোনও তদন্তের আওতায় নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম বলেন, ‘রেলের টিকিট কালোবাজারি বন্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)