দলীয় সিদ্ধান্ত না মানলে পরিচয়ও বহন করা যাবে না: জি কে গউছ

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলীয় ঐক্য বজায় রাখা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে সিলেট জেলা বিএনপি। একই সঙ্গে নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপির সাংগঠনিক সভায় এসব কথা বলা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যেভাবে দেশ পরিচালনা করছেন, সাধারণ মানুষ বলছে এরকমই রাষ্ট্রনায়ক আমাদের প্রয়োজন। ৫ আগস্ট থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যিনি দলের সিদ্ধান্ত মানবেন না, তিনি দলের পরিচয়ও বহন করবেন না। যেকোনো নির্বাচনে দলের সিদ্ধান্ত মানতে হবে।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে দলকে সুসংগঠিত রাখতে হবে। তৃণমূলের নেতা-কর্মীদের মতামত ও ভোটের ভিত্তিতে যোগ্য প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা তাহসিনা রুশদি লুনা বলেন, বিগত দিনের আন্দোলন-সংগ্রামে ত্যাগী নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নেতৃত্বকে বেছে নিতে হবে। ইচ্ছাকৃতভাবে কাউকে অবমূল্যায়ন করা হবে না।

আরেক উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির রাজপথের আন্দোলনে যারা ছিলেন, তারাও জুলাই যোদ্ধা। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে দলের প্রকৃত, নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা-কর্মীদের বাছাই করা হবে।

বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেন, তৃণমূল থেকে স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্ব বাছাই করা হবে। যারা নীতি ও চরিত্র হারাননি, তাদের নেতৃত্বে আনা হবে।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, স্থানীয় নির্বাচনে প্রার্থীদের সব দিক বিবেচনা করে যোগ্যতার মাপকাঠিতে নির্ধারণ করা হবে। প্রার্থীর মেধা, সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা থাকতে হবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad