শিশুর মেধা-প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৯ দুপুর
  • ২৫১২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg প্রধানমন্ত্রী
শিশুদের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ দিতে পারলে দেশের ভিত্তি আরও মজবুত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিশুদের শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ আরও সুদৃঢ় হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিশুদের ভেতরে অপার সম্ভাবনা রয়েছে। যার যে মেধা ও প্রতিভা রয়েছে, সেটি বিকাশের সুযোগ দিতে হবে। শিশুদের নিজেদের পছন্দ ও প্রতিভা অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে অভিভাবকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শিশুদের পছন্দের বিষয়গুলোকে প্রাধান্য দিতে ২০২৮ সাল থেকে সরকারিভাবে পূর্ণাঙ্গ উদ্যোগে কাজ শুরু করা হবে।

তারেক রহমান বলেন, ‘শুধু পড়াশোনার মধ্যে শিশুদের সীমাবদ্ধ রাখা যাবে না। তাদের খেলাধুলা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।’ এর মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ আরও ভালোভাবে নিশ্চিত করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মেধা ও যোগ্যতা বিকাশের যথাযথ সুযোগ দিতে পারলে ভবিষ্যতে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে।

সরকারপ্রধান বলেন, সরকার একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। এ জন্য পড়ালেখার পাশাপাশি শিশুদের মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে।

এর আগে মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ শিশু প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের স্মারক উপহার প্রদান এবং স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুরাও অনুষ্ঠানে যুক্ত হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad