বাংলাদেশ সম্পর্কে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ভুল ধারণা দূর হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগের সত্যতা পায়নি আইপিইউ।
তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম সম্মেলনে অংশগ্রহণ শেষে রোববার (১১ অক্টোবর) সকালে ঢাকায় ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গত ৫ অক্টোবর আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
এদিকে, একই দিনে অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি।
এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের স্পিকারের দায়িত্ব গ্রহণ এবং আইপিইউর নির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধির নির্বাচিত হওয়ার ঘটনাকে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিত্ব ও সম্পৃক্ততা আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক