তাহসিফ হত্যা তদন্তে নতুন মোড়, সন্দেহের তালিকায় আরও তিনজন

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩০ দুপুর
  • ৩৫১০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তদন্তের পরিধি বাড়ছে। এ ঘটনায় আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য পেয়েছেন তদন্তকারীরা। রিমান্ডে থাকা বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ ও জেরিকা তাসনিম দিশাকে জিজ্ঞাসাবাদে তাদের নাম উঠে এসেছে। তবে তদন্তের স্বার্থে ওই তিনজনের পরিচয় প্রকাশ করেনি সংশ্লিষ্ট সংস্থা।

নৌপুলিশের এক কর্মকর্তা জানান, তদন্তে এ মুহূর্তে দিশার বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সোমবার রিমান্ডে থাকা দীপ ও দিশাকে আলাদাভাবে এবং মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন করে পাওয়া তিনজনের মধ্যে এক দম্পতি ও একজন নারী রয়েছেন। তারা দীপ, দিশা ও তাহসিফের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গেছে।

বার থেকে তুরাগ নদ পর্যন্ত গতিপথ

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার রাতে উত্তরার একটি বারে তাহসিফের সঙ্গে ছিলেন বন্ধু দীপ ও বান্ধবী দিশা। সিসিটিভি ফুটেজেও তিনজনের একসঙ্গে অবস্থানের তথ্য পাওয়া গেছে। পরে তাদের গতিপথ টঙ্গীর তুরাগ নদের তীর পর্যন্ত পৌঁছায়। তবে সেখানে কী ঘটেছিল এবং কীভাবে তাহসিফের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।

গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটের দিকে তাহসিফ ও দিশা উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে প্রবেশ করেন। পরে পৃথক মোটরসাইকেলে সেখানে যান দীপ। রাত ১১টা ৫১ মিনিটের দিকে তারা বার থেকে বের হন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন।

পরে তাহসিফ ও দিশা সিপি ফাইভ স্টার স্ন্যাকস এবং একটি মোটরসাইকেল গ্যারেজে যান বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। রাত সাড়ে ১২টার দিকে দিশাকে বাসায় পৌঁছে দেন তাহসিফ।

দিশাকে নিয়ে পরিবারের ভিন্ন বক্তব্য

তাহসিফের বাবা এনায়েতুল করিমের দাবি, শুরু থেকেই দিশার আচরণ তাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। তিনি বলেন, দিশা বারবার তাদের বাসায় যেত। তাহসিফও তার বোনের কাছে দিশার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল। দিশা তাকে বারবার বিরক্ত করত। তবে দিশা তাহসিফের বান্ধবী বা প্রেমিকা ছিল না বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে দিশার স্বজনদের ভাষ্য, গত ২৮ মে তাহসিফ ও দিশার পরিচয় হয়। পরে তাহসিফ দিশাকে প্রেমের প্রস্তাব দিলে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। মাসখানেক আগে কালসি ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনার সময়ও দিশা তাহসিফের সঙ্গে ছিল। পরে তাহসিফ তাকে বাসায় নিয়ে যায়। পরদিন দিশার পরিবারের সদস্যরা তাকে নিয়ে যান। পরিচয়ের পর তাহসিফ কয়েকবার দিশাকে তাদের বাসায় ডেকেছিল বলেও জানান স্বজনরা।

তুরাগ নদ থেকে উদ্ধার হয় মরদেহ

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর রাতে উত্তরার রাজউক কমপ্লেক্সের বাসা থেকে বের হন তাহসিফ। পরদিন বিকেলে টঙ্গীর তুরাগ নদের রাজবাড়ী ঘাট এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: নৌপুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্র, তাহসিফের বাবা ও দিশার স্বজনদের বক্তব্য, ৩ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad