বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ডেস্ক থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হিমাংশু দাস বাগেরহাট জেলা সদরের হাড়িখালী পিসি কলেজ রোড এলাকার অমলেন্দু দাসের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন হিমাংশু দাস। এ সময় তাঁর পাসপোর্ট যাচাই করে স্টপ লিস্টে নাম পাওয়া যায়। পরে তাঁকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে বাগেরহাট সদর থানায় তাঁর বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি স্বীকার করেন তিনি।
গ্রেফতারের পর তাঁকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, ইমিগ্রেশন পুলিশ একজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। বৃহস্পতিবার তাঁকে বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

প্রথম দর্পণ,ডেস্ক