কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। একই সঙ্গে জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফের রঙ্গীখালী এলাকার গভীর পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালিকে জিম্মি করে রেখেছে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল। এ তথ্যের ভিত্তিতে বিকেল ৫টার দিকে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল অভিযান শুরু করে।
অভিযানকালে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে যৌথবাহিনী পালটা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। পাশাপাশি জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কর্তব্যরত অবস্থায় নিহত সেনাসদস্য মো. তিতাস শেখের আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সেনাবাহিনী।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স