প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেক উন্নয়ন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক
রাজধানীর গুলশান-বনানী-বারিধারা লেকের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সুবিধা সম্প্রসারণ নিয়ে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, বৈঠকে গুলশান লেকের পানি দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্যবর্ধন এবং লেককেন্দ্রিক নাগরিক সুবিধা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা লেকের বর্তমান অবস্থা তুলে ধরে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের প্রস্তাবনা উপস্থাপন করেন। একই সঙ্গে লেকের নাব্যতা, পানি প্রবাহ স্বাভাবিক রাখা, বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়ন বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম-সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোঃ জাকির হোসাইন,সম্পাদক