মহাসড়কে দায়িত্বকালে টাকা নেওয়ার অভিযোগ: হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ সদস্য ক্লোজড
সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে দায়িত্ব পালনের সময় এক মোটরসাইকেলচালকের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে হাইওয়ে পুলিশের পাঁচ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
ক্লোজড হওয়া সদস্যরা হলেন— হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা, পিকআপ ভ্যানচালক লিটন, কনস্টেবল আব্দুর রউফ ও কনস্টেবল ফজলু।
রোববার (২৪ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।
তিনি জানান, গত ২১ মে হাটিকুমরুল মোড়ে দায়িত্ব পালনকালে ওই পাঁচ পুলিশ সদস্য এক মোটরসাইকেলচালকের কাছ থেকে ৫০০ টাকা গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক বিষয়টি দেখে তাৎক্ষণিকভাবে থানাকে অবহিত করেন। পরে বিষয়টি হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে।
অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত পাঁচজনকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ সুপার কার্যালয়ে ক্লোজড করার নির্দেশ দেওয়া হয়। পরে তারা নিজ নিজ কর্মস্থল ত্যাগ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, মহাসড়কে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগ জনমনে নেতিবাচক প্রভাব ফেলে। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মোঃ জাকির হোসাইন,সম্পাদক