শান্তি চুক্তির ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার পরিকল্পনা ইরানের
যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত নিরসনে সম্ভাব্য চুক্তির পর নৌচলাচল স্বাভাবিক করার ইঙ্গিত
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নিরসনে সম্ভাব্য একটি চূড়ান্ত শান্তি চুক্তির প্রায় ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় আন্তর্জাতিক নৌচলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে ইরানের।
সোমবার (২৫ মে) জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায়।
প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে শান্তিচুক্তি সম্পন্ন হলে পরবর্তী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালিতে স্থাপিত মাইন অপসারণের কাজ শুরু করবে ইরান। এই প্রক্রিয়া শেষ হলে বিশ্বের সব দেশের জাহাজ ওই প্রণালি দিয়ে নিরাপদ ও অবাধে চলাচল করতে পারবে। একই সঙ্গে প্রণালি ব্যবহারের জন্য আর কোনো ট্রানজিট ফি আদায় করা হবে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন স্থাপনের প্রস্তুতি নেওয়া নৌযানগুলোকে লক্ষ্য করে ‘আত্মরক্ষার্থে’ এ হামলা চালানো হয়েছে।
একই সময়ে ইরান জানিয়েছে, আলোচনায় কিছু অগ্রগতি হলেও দ্রুত কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নেই।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং মাইন স্থাপনের চেষ্টা করা নৌযান লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, এসব পদক্ষেপ মার্কিন বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক