মানিকগঞ্জের কৃতী সন্তান, শিল্পায়নের অগ্রদূত, শিক্ষানুরাগী, জনহিতৈষী, বরেণ্য রাজনীতিক ও সাবেক মন্ত্রী মরহুম হারুণার রশিদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ মাগরিব মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওহিদুল ইসলাম বিশ্বাস লোটাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব শামীম বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া হাবু।
আলোচনা সভায় বক্তারা মরহুম হারুণার রশিদ খান মুন্নুর বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, শিল্পায়ন, শিক্ষা বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানিকগঞ্জসহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও জনসেবামূলক কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ মাহমুদ হারেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম পালু ও নাঈম খান, সাটুরিয়া উপজেলা জাসাসের সভাপতি অ্যাডভোকেট সেলিম আলদ্বীন এবং নগর জাসাসের সাধারণ সম্পাদক জিয়াউল হক শাওন।
অনুষ্ঠানের শেষে মরহুম হারুণার রশিদ খান মুন্নুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে বিএনপি ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রথম দর্পণ,ডেস্ক