লাউয়াছড়ায় বগি লাইনচ্যুতির পর ৫ ঘণ্টা বন্ধ থাকা সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২৯ মে) রাত ৮টার দিকে উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, লাইনচ্যুত তেলবাহী ওয়াগনের বগিটি হাইড্রোলিক টুলব্যানের সাহায্যে উদ্ধার করা হয়েছে। এরপর থেকেই সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী একটি তেলবাহী ট্রেনের খালি ওয়াগনের বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে।
ঘটনার কারণে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলস্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি ট্রেনের সময়সূচিতে বিপর্যয় দেখা দেয়।
পরে আখাউড়া থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক টুলব্যানের মাধ্যমে উদ্ধার অভিযান পরিচালনা করে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে পুনরায় রেল চলাচল শুরু হয়।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স