ওয়াশিংটন, ৩ জুন : শ্রমিকদের জোরপূর্বক কাজ করানোর অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি অর্থনীতির বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) একটি প্রস্তাবনা প্রকাশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রস্তাবে বলা হয়েছে, যেসব দেশ জোরপূর্বক শ্রম (Forced Labor) প্রতিরোধে নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হয়েছে বলে যুক্তরাষ্ট্র মনে করছে, তাদের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে।
প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে। একই হারে শুল্ক আরোপের তালিকায় রয়েছে কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, কম্বোডিয়া, এল সালভাদর, গুয়েতেমালা, মালয়েশিয়া, তাইওয়ান ও যুক্তরাজ্য।
অন্যদিকে, তদন্তাধীন আরও ৪৫টি দেশের জন্য ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এ তালিকায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নাইজেরিয়া।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ‘সেকশন ৩০১’ বাণিজ্য আইনের আওতায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পূর্বে আরোপিত শুল্ক কাঠামোর একটি বিকল্প পুনর্বহালের পথ খুঁজছে।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন একটি আদালত সেই পদক্ষেপকে অবৈধ ঘোষণা করে। আদালত রায়ে উল্লেখ করে, ১৯৭৭ সালের জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় এ ধরনের বিস্তৃত শুল্ক আরোপের ক্ষমতা সরকারের নেই। পরে ট্রাম্প প্রশাসন ওই রায়ের বিরুদ্ধে আপিল করে।
তবে নতুন প্রস্তাব কার্যকর হওয়ার আগে তা পর্যালোচনা ও সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অভিযুক্ত দেশগুলো বরাবরের মতো জোরপূর্বক শ্রমের অভিযোগ অস্বীকার করে আসছে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক