ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৫ জুন ২০২৬, ১১:৫৪ দুপুর
  • ১৮৫৯৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

তিন দিনের সরকারি সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (৪ জুন) রাতে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্কসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। পরে যৌথভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

সফরের অংশ হিসেবে হাকান ফিদান কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা পরিস্থিতিও পরিদর্শন করবেন। সেখানে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান অবস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে অবহিত হবেন তিনি।

আগামী শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে তিনি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর শুধু নিয়মিত দ্বিপক্ষীয় যোগাযোগের অংশ নয়; বরং বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটি কোনো গুরুত্বপূর্ণ দেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর হওয়ায় সফরটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরের পর এই প্রথম কোনো তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা বৃদ্ধির প্রেক্ষাপটে এ সফরকে নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad