নিজ বাবা-মাকে মারধরের অভিযোগ ওঠার পর নেত্রকোণার বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেলকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বৃহস্পতিবার (৪ জুন) যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোজাম্মেল হক সোহেলকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ড বা অপকর্মের দায়ভার দল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামে জমি নিজের নামে লিখে দেওয়ার বিষয়কে কেন্দ্র করে সোহেলের বিরুদ্ধে তার বৃদ্ধ বাবা তারা মিয়া ও মাকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনার পর কান্নাজড়িত অবস্থায় ওই দম্পতি বারহাট্টা উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে বিচার প্রার্থনা করেন।
দলীয় সূত্র জানায়, সেখানে উপস্থিত স্থানীয় নেতাদের সহায়তায় তারা জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল হকের সঙ্গেও কথা বলেন এবং ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে ধরেন।
স্থানীয়দের দাবি, জমি লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই বাবা-মায়ের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে মোজাম্মেল হক সোহেলের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এদিকে কেন্দ্রীয় যুবদলের বহিষ্কারাদেশের পর বিষয়টি জেলায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সচেতন মহল অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

মোঃ জাকির হোসাইন,সম্পাদক