জিয়ার স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ জুন ২০২৬, ০২:৪৫ দুপুর
  • ৯৬৯৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা-২০২৬’-এর উদ্বোধন করেছেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। একই কর্মসূচির অংশ হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েও বৃক্ষরোপণ কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, পরিবেশ সুরক্ষা, জলবায়ু ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবুজায়ন আন্দোলনকে আরও গতিশীল করবে।

তিনি বলেন, দেশের বিভিন্ন সমস্যার টেকসই ও কার্যকর সমাধান উদ্ভাবনে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী গবেষণার মাধ্যমে চিকিৎসাবিদ্যা, কৃষি, তথ্যপ্রযুক্তি, পদার্থবিদ্যা ও রসায়নসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

ডা. জুবাইদা রহমান বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এটি অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়নের ‘সবুজ বিপ্লব’-এ পরিণত হতে পারে। এ লক্ষ্যে তিনি গ্রিন ভলান্টিয়ারিজম, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ এবং পরিবেশভিত্তিক স্টার্টআপ তহবিল গঠনের প্রস্তাব তুলে ধরেন।

শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে আরও সচেতন করে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রমে সবুজ স্বেচ্ছাসেবার বিষয় অন্তর্ভুক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতায় দেশব্যাপী শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণের আহ্বান জানান।

জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে এবং শাহাদাতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, জেডআরএফের পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন ও কৃষিবিদ বয়জার রহমান।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুস সালাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী এবং জেডআরএফের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad